তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের একটি পিকআপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পাশাপাশি একটি মুদি ও চায়ের দোকানের ফ্রিজসহ মালামালের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার নলতা শিশুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় আবজাল গাজী জানান, পাইকগাছা থেকে আসা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পিকআপ এবং তালা থেকে পাইকগাছাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক সড়কে ছিটকে পড়ে আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মুদি ও চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল ও স্থাপনার ক্ষতি হয়।
দোকান মালিক নলতা গ্রামের হাসানুর রহমান বলেন, পিকআপের ধাক্কায় তাঁর দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামালের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আহত মোটরসাইকেলচালক খুলনার ডুমুরিয়া উপজেলার খনিয়া এলাকার রবিউল ইসলাম বলেন, পিকআপটি এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পাইকগাছা লোনাপানি কেন্দ্রের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী বলেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ক্ষতিপূরণ দেওয়া হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।