ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে একযোগে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। একই ধরনের হুমকির ইমেইল পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। এ ঘটনায় ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির স্কুলগুলোতে এই মুহূর্তে বাস্তব কোনো বিপদ বা ঝুঁকি নেই। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তাব্যবস্থা নির্ধারণে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
রয়টার্স হুমকিসংবলিত ইমেইলের একটি অনুলিপি পেয়েছে। এতে প্রধানমন্ত্রী মেলোনিকেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। ইমেইলে প্রেরক হিসেবে ‘মিখাইল আন্দ্রোপভ’ নাম ব্যবহার করা হয়েছে। নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা বলেও পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি। গত সপ্তাহে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে পাঠানো বোমা হামলার হুমকির ইমেইলেও একই নাম ব্যবহার করা হয়েছিল।
ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে সাইবার হামলা এবং হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে এই নিরাপত্তা সতর্কতা জারি হলো।
এদিকে, বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলেও একই ধরনের হুমকির ইমেইল পাঠানো হয়।
উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানায়, পুলিশ হুমকিটিকে বিশ্বাসযোগ্য মনে না করায় স্কুলগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির ইমেইলের সঙ্গে নতুন বার্তারও মিল রয়েছে। ওই বার্তাটিকে আগেই ভুয়া বলে ঘোষণা করেছিল উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই)।
পুলিশ স্কটল্যান্ডও জানিয়েছে, স্কুলগুলোতে পাঠানো ইমেইলগুলোকে বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এগুলো ভুয়া বলে ধারণা করা হচ্ছে। বার্তার উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি ইউনিট কাজ করছে। এ বিষয়ে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের স্কুলগুলোতেও একই কায়দায় গণহারে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছিল।
বোমা হামলার হুমকির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সাইবার হামলার ঘটনাও বেড়েছে। এসব ঘটনার কারণে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। কোনো কোনো বিমানকে মাটিতে অবতরণ করিয়ে যুদ্ধবিমানের পাহারায় রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের কয়েকটি সুপারমার্কেটে হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ফ্রিজের তাপমাত্রা পরিবর্তন করে খাবার নষ্ট করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এর আগে অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে।
ফ্রান্সের ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে প্যারিস। এ ঘটনায় চলতি সপ্তাহে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফরাসি সরকার। তবে তেহরান অভিযোগকে ভিত্তিহীন ও শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের অভিযোগের পর ইতালির স্কুলগুলোতে পাঠানো ভুয়া বোমা হুমকির পেছনেও ইরানের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স।