https://www.a1news24.com
,

কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নীহা, পাত্র কে?

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অভিনেত্রীর যে প্রেমের সম্পর্ক রয়েছে সে খবর নতুন নয়। কারণ সোশ্যাল মিডিয়ায় চলতি বছর নিজেই ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন। আর এবারে জানা গেল বিয়ে করেছেন এই অভিনেত্রী।

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। অভিনেত্রী রোববার (৮ নভেম্বর) ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। একটি দেখা যায়, পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আর তাদের দুজনেরই মুখ কাবার দিকে। অন্য একটি ছবিতে দুজনের হাত দেখা যায় আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ। কোনও ছবিতেই তাদের মুখ দেখা যায়নি।

ছবির ক্যাপশন থেকে মনে হয় বিয়ের ইঙ্গিত দিয়েছেন নীহা। তিনি ক্যাপশনে লিখেছেন, একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।

অভিনেত্রী বিয়ের ইঙ্গিত দিলেও তার স্বামী প্রসঙ্গে কিছু জানাননি। তার নাম এবং পরিচয় এখনও আড়ালে রেখেছেন তিনি। অন্যদিকে, এর আগে গুঞ্জন উঠেছিল এক পাকিস্তানি যুবকের সঙ্গে নাকি নীহার সম্পর্ক। যদিও এ বিষয়ে নীরব ছিলেন অভিনেত্রী। তাই অভিনেত্রীর স্বামী পাকিস্তানি যুবক নাকি সে বিষয়ে এখনও স্পষ্ট বলা যাচ্ছে না। তবে অভিনেত্রীর পোস্ট করার পর অনেকেই নতুন জীবনের জন্য তাদের শুভকামনা জানিয়েছেন। অনেকে আবার স্বামীর পরিচয় জানতে চেয়েছেন।

আরো..