https://www.a1news24.com
,

হরমুজ প্রণালির দিকে ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ

ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। একই সময়ে প্রণালির মধ্যে অবস্থিত ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা থেকে হরমুজ প্রণালির দিকে তিনটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। তবে এগুলো কী ধরনের অস্ত্র, কোন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে কিংবা কোথাও আঘাত হেনেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের কারণও এখনো জানা যায়নি। এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

এদিকে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জাস্ক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের খবর জানিয়েছে। প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের সঙ্গে দেশটির সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হলেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে নতুন করে এসব ঘটনার খবর সামনে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনাগুলোর প্রকৃত কারণ, লক্ষ্যবস্তু এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরো..