https://www.a1news24.com
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৮

হত্যাচেষ্টার মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

বুধবার (২১ অক্টোবর) উত্তরা পশ্চিম থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সুমন মিয়া পৃথক দুটি আবেদন করেন। একটি আবেদন দিলীপ কুমার আগরওয়ালাকে উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখানোর অপরটি ১০ দিনের রিমান্ডের আবেদন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক প্রথম গ্রেপ্তার দেখানোর আবেদন মন্জুর করে পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে চার দিনের রিমান্ড মন্জুর করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১২ সময় উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

২০২৫ সালের ২৭ মার্চ আব্দুল জব্বার নিজেই বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত নামা আসামি করে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা এ মামলাটি করেন। গত সোমবার রাজধানী বনানী থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

উল্লেখ্য, আওয়ামীলীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় অতি গোপনীয়তা রক্ষা করে নিম্ন আদালত থেকে একের পর এক মামলায় জামিন নেয় পরবর্তীতে ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

আরো..