ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজাপুর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, ‘শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনের শিক্ষা মানুষের মধ্যে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। ছোটবেলা থেকেই শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মো. আহসান হাবীব সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি জেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম। শেষে কোরআন সবক, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মো. আলী হোসেন।