https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৪

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষক দল নেতা সোহেল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাধারণ সভায় কমিটি গঠন নিয়ে মতবিরোধের পর কার্যক্রম মুলতবি রাখা হলেও পরবর্তীতে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক পদে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্যসচিব সোহেল রহমানকে রাখা হয়েছে। এ নিয়ে প্রেস ক্লাবের সদস্যদের একাংশের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি কমিটির ২১ সদস্যের মধ্যে ১৩ জনের প্রেস ক্লাবের বৈধ সদস্যপদ এখনো চূড়ান্ত হয়নি বলেও অভিযোগ করেছেন কয়েকজন সদস্য।

গত ২৬ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন নিয়ে সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিলে কমিটি গঠনের কার্যক্রম মুলতবি করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এরপর শনিবার প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছেন বলে অভিযোগ ওঠে। এতে সভাপতি পদে কবির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্যসচিব সোহেল রহমানের নাম রয়েছে।

প্রেস ক্লাবের কয়েকজন সদস্যের দাবি, ঘোষিত কমিটির ২১ সদস্যের মধ্যে মাত্র ৮ জন বৈধ সদস্য হিসেবে বিবেচিত। অপর ১৩ জনের সদস্যপদ এখনো চূড়ান্ত হয়নি। তাদের অভিযোগ, সদস্যপদ সম্পন্ন হওয়ার আগেই ওই ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে কৃষক দল নেতা সোহেল রহমানকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সদস্য আমির হোসেন। তাঁর প্রশ্ন, একটি পেশাজীবী সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির রাজনৈতিক সাংগঠনিক পরিচয় এবং প্রেস ক্লাবের সদস্যপদের বিষয়টি কীভাবে সমন্বয় করা হয়েছে—তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

প্রেস ক্লাবের কয়েকজন সদস্যের অভিযোগ, সাধারণ সভায় কমিটি গঠনের কার্যক্রম মুলতবি হওয়ার পর সভাপতি এককভাবে কমিটি ঘোষণা করেছেন। তাদের দাবি, গঠনতন্ত্র অনুযায়ী বৈধ সদস্যদের তালিকা চূড়ান্ত করে ভোটার তালিকা প্রস্তুত এবং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা উচিত।

প্রেস ক্লাবের এক সাবেক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে গঠনতন্ত্র অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। আগে বৈধ সদস্যদের তালিকা ও ভোটার তালিকা চূড়ান্ত করা প্রয়োজন। এরপর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলে বিতর্কের সুযোগ কমে।

কমিটি গঠন নিয়ে প্রেস ক্লাবের সদস্যদের একটি অংশ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন। তারা বলছেন , কারা বৈধ সদস্য, কারা ভোটার এবং কারা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য—এসব বিষয় পরিষ্কার করার পরই কমিটি গঠন করা উচিত।

আরো..