https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১

যে সরকার জনগণকে শান্তি দিতে পারে না, তাদের দরকার নাই: শফিকুর রহমান

জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে না পারলে এমন সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষ যাতে নিরাপদে ঘুমাতে পারে এবং নিশ্চিন্তে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে শুধু শান্তি-শৃঙ্খলার ব্যবস্থাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানও কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, দিনের বেলায় কিংবা রাতেও রাজধানীতে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটছে। সরকারের কেন্দ্রীয় অবস্থান রাজধানীতে হওয়ায় এখানকার পরিস্থিতি দেখেই দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

রাড্ডা মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন জামায়াতের আমির। তার অভিযোগ, একটি মেডিকেল সেন্টার ভেঙে ফেলার পাশাপাশি সেখানকার সম্পদ লুট করা হয়েছে। এ ঘটনায় জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে দুষ্কৃতিকারীদের নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, একজনকে জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায়ও আনা হয়নি বলে দাবি করেন তিনি। একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন জামায়াতের আমির।

জনগণকে বোকা বা অন্ধ মনে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন কোনো কিছু আড়াল করার সময় নেই। মুহূর্তের মধ্যেই যেকোনো ঘটনা মানুষের কাছে পৌঁছে যায় এবং জনগণ সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারে।

আরো..