https://www.a1news24.com
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮

বিরোধীদলকে প্রধানমন্ত্রী, ‘আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন’

জেলা প্রতিনিধি, ফেনী: দেশের প্রধান বিরোধীদলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে দেশে-বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, ‘আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।’

প্রধানমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে দেশের উন্নয়ন ব্যাহত হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অথচ তারাই অন্যদের নসিহত করে বেড়াচ্ছে। নাম উল্লেখ না করে ওই রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল একাত্তরের রূপে আবারও ফিরে গেছে, মা-বোনদের ইজ্জত হরণ আর হত্যায় মেতে উঠেছে।’ দলের নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের।

কিছু অনাকাঙিক্ষত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে দাবি করে সরকারপ্রধান বলেন, এতে দেশের উন্নয়ন ব্যাহত হলে তার দায়ভারও তাদের নিতে হবে। বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও একমাত্র বিএনপিই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্তমান সরকারের ৫ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে এসব স্বাস্থ্য কেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে।।’

তারেক রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি সরকার গঠন করেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এর ফলে সরকারের দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও দেশের ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছে।

তিনি আরো বলেন, ১৭ বছর স্বৈরাচার সরকার জনগণের কণ্ঠরোধ করে অধিকার বঞ্চিত করেছিল। ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সে অধিকার ফিরিয়ে দিয়েছে।

মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি আবাদের আওতায় আসবে। এক লক্ষ মেট্রিকটন ফসল উৎপাদন বাড়বে আশা জানিয়ে তারেক রহমান বলেন, এতে করে শষ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।

পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বক্তব্য দেন।

এর আগে দিনব্যাপী সফরের শুরুতে ফেনীর পরশুরাম পৌঁছেই বৃষ্টি উপেক্ষা করে বহুল প্রতীক্ষিত মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন তারেক রহমান। দুপুর সোয়া ২টার দিকে সড়কপথে পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় পৌঁছেই প্রকল্পের উদ্বোধন করেন।

পরশুরামের অনুষ্ঠান শেষে তারেক রহমান যান ফুলগাজী উপজেলায়। সেখানে মধ্যাহ্ন বিরতির পর যোগ দেবেন সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।

আরো..