https://www.a1news24.com
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১

স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি পৃথক ক্যাটাগরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ সম্ভব নয়। সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও বিশ্ব পরিবেশ সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে আমাদের এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। প্রতিযোগিতার আহ্বায়ক ও সিনিয়র প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের প্রধান প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পিয়াব্রত কৈরি। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মানস ভট্টাচার্য ও প্রভাষক পিয়াল চৌধুরী এবং সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় ছিলেন প্রভাষক আলী আকবর।

প্রতিযোগিতার শুরুতে লিখিত বাছাই পরীক্ষার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে ৬ জন করে মোট ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। পরবর্তীতে মূল মঞ্চে অনুষ্ঠিত সরাসরি মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা ও মেধা যাচাই করে প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দর্শক পর্ব। সরাসরি দর্শকসারি থেকে অধ্যক্ষের তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে প্রতিটি ক্যাটাগরি থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থী পুরস্কৃত ও নির্বাচিত হওয়ার সুযোগ পান। প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ মো. ফয়জুল হক চূড়ান্ত বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার এবং সনদপত্র বিতরণ করেন।-বিজ্ঞপ্তি

আরো..