https://www.a1news24.com
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৫

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে ৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ মন্ত্রীর জরুরি নির্দেশনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

এর আগে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। এতে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিলের পরিমাণ দেখানো হয় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা বিদ্যুৎ মন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি মন্ত্রী নিজে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য এবং এর ফলে গ্রাহকের সাময়িক মানসিক বিড়ম্বনা ও উদ্বেগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

গ্রাহককে মন্ত্রী জানান, এরই মধ্যে ভুল বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ বিল বা সেবা নিয়ে এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি অনুরোধ করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক অসাবধানতার কারণে মিটারের সিল নম্বরের অঙ্কগুলো ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং করা হয়েছিল। এ ভুলের ফলেই ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক ও অবাস্তব অঙ্কের বিল তৈরি হয়।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। এ ঘটনায় মাগুরাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সেবাধর্মী প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আরো..