https://www.a1news24.com
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই প্লাস্টিকবিরোধী কার্যক্রম শুরুর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড শেখ ফরিদুল ইসলামের

এস. এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চান না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্লাস্টিকবিরোধী কার্যক্রম শুরু করতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাগেরহাটের রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন ড শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।

আরো..