https://www.a1news24.com
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০

আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন অভিনেত্রী মৌসুমী

আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। জানালেন নতুন খবর ওমর সানীর সঙ্গে তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর আরও একটি শাখা চালু হচ্ছে সাভারের হেমায়েতপুরে।আগামী ১৮ সেপ্টেম্বর হবে শাখাটির উদ্‌বোধন। এ উপলক্ষ্যে ভক্ত-অনুরাগীদের সেখানে আসার আমন্ত্রণও জানিয়েছেন অভিনেত্রী।

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র এর আগেও একাধিক শাখা চালু হয়েছে। এর মধ্যে ধামরাইয়ের বাথুলীতে একটি এবং মানিকগঞ্জের সাটুরিয়ায় আরেকটি শাখা রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় হেমায়েতপুরে নতুন শাখা চালুর খবর দিলেন মৌসুমী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌসুমীর ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তার স্বামী অভিনেতা ওমর সানী। ভিডিওর শুরুতেই দর্শকদের সালাম ও শুভেচ্ছা জানান মৌসুমী। এরপর নিজেদের দীর্ঘদিনের রেস্তোরাঁ ব্যাবসার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

মৌসুমী বলেন, তারা দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যাবসার সঙ্গে জড়িত। বিশেষ করে ওমর সানী বেশ উৎসাহের সঙ্গে এই ব্যবসা করে আসছেন।নতুন শাখা নিয়ে অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে তবুও আমি জানি আপনারা আসবেন।’ যারা সবসময় তাদের পাশে থেকেছেন এবং তাদের রেস্তোরাঁর গ্রাহক, তাদের সবাইকে নতুন শাখায় আসার আমন্ত্রণ জানান তিনি।

শুধু ‘চাপ’ নয়, নতুন শাখায় থাকছে বাঙালিয়ানার নানা ধরনের খাবারও। মৌসুমীর ভাষায়, ‘আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার থাকবে।’

সবশেষে ভক্তদের জন্য শুভকামনা জানান মৌসুমী। পাশাপাশি নিজেদের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।কয়েক বছর ধরে পারিবারিক কারণে আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। প্রবাসে থাকলেও কাজ ও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি।

এদিকে বিভিন্ন সময়ে ওমর সানী ও মৌসুমীর সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুজনের যোগাযোগ ও একসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের খবর সামনে এসেছে। এবার রেস্তোরাঁ ব্যাবসার নতুন উদ্যোগের খবর জানিয়ে মৌসুমীর ভিডিও বার্তাতেও ওমর সানীর সঙ্গে তাদের যৌথ উদ্যোগের বিষয়টি সামনে এলো।

আরো..