https://www.a1news24.com
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে, সামনের দিনগুলোতে এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ নেতার সঙ্গে এবং গণমাধ্যমের একাংশের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে তিনি গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুততম সময়ে বাস্তবতার নিরিখে ফিরিয়ে আনার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি অত্যন্ত স্বল্প সময়ে মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশকে গতকাল নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটা স্থিতিশীল রাষ্ট্র।

এতে করে শুধু বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি নয়, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা, ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ, নারী-যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মাহদী আমিন।

তিনি আরও বলেন, আমাদের মূল্যস্ফীতি ইতিবাচক দিকে যাচ্ছে। তুলনামূলকভাবে আমাদের ইনফ্লেশন রেট সেটা কমে এসেছে। আমাদের খাদ্যপণ্য দ্রব্যমূল্যের যে বৃদ্ধির হার সেটা কমে এসেছে। এর পাশাপাশি আমাদের অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নিত্যপ্রয়োজনীয় যে খাদ্যপণ্য রয়েছে সেটার যোগানও তুলনামূলক বেশ ভালো।

এ সময় সরকারের জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপের কথা জানিয়ে সেগুলোকে সাতটি বিভিন্ন ভাগে বিভক্ত করার কথা জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সেগুলো হলো-

১. তারুণ্যের ক্ষমতায়ন শিক্ষা ও তথ্যপ্রযুক্তি উদ্ভাবন।

২. গণ মানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন।

৩. নারীর অগ্রযাত্রা সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা।

৪. পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন।

৫. আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য।

৬. যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা।

৭. প্রাতিষ্ঠানিক সুশাসন জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।

মাহদী আমিন আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যক্রমে নতুন দুটি করে মোট চারটি নতুন বই অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৪৫ লাখ মানুষকে বাস্তুমুখী কর্মদক্ষতা দিতে দেশব্যাপী আধুনিক আলফা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণ এবং জীবনমান উন্নয়নে সরকারের কিছু পদক্ষেপের তুলে ধরে মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তিতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়েছে। সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য সমহারে প্রাতিষ্ঠানিক মোবাইল ভাতার সুবিধা সম্প্রসারণ, অবসরপ্রাপ্ত নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধি এবং তাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থবিভাগের পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। ভূমি শাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে একই কর্মসংস্থলে পদায়ন সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পত্তি দান করার পরেও বাবা-মায়ের আজীবন ভোগ দখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা আইন পাস করা হয়েছে।

আরো..