https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা, প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক ফাতিমা সানার একা লড়াইও বাঁচাতে পারল না পাকিস্তানকে। ব্যাটে-বলে একাই ম্যাচ জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের মুখোমুখি হবে লঙ্কান নারীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ফাতিমা সানার দায়িত্বশীল অপরাজিত ৪৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে পাকিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা, মাত্র ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৪টি উইকেট, ফাতিমা পান দুই উইকেট।

ক্রিকেটপ্রেমীরা যখন ফাইনালে আরও একটি ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই দুর্দান্ত ঘুরে দাঁড়ায় লঙ্কান ব্যাটাররা। হর্ষিতা সমরবিক্রমের ৩১ বলে ৩৬ এবং কবিশা দিলহারির ৩৩ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। নিজের দ্বিতীয় স্পেলে এই দুই ব্যাটারকে ফেরালেও দলকে জেতাতে পারেননি ফাতিমা।

শেষ দিকে নীলাক্সিকা সিলভার অপরাজিত ১৮ এবং কৌশিনী নুত্যাঙ্গনের অপরাজিত ১০ রানের কার্যকর ইনিংসে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করে তারা। ফাতিমার বলে ছক্কা হাঁকিয়েই শ্রীলঙ্কার ফাইনালের টিকিট নিশ্চিত করেন কৌশিনী।

এর আগে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে দলকে টেনে তোলেন ফতিমা সানা। ৫২ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে এসে ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। এছাড়া ওপেনার সওয়াল জুলফিকর ২৪ ও গুল ফিরোজা ২১ রান করেন।

বল হাতেও একাই নজর কাড়েন পাক অধিনায়ক ফতিমা। ১০ রান দিয়ে লঙ্কানদের ৪টি উইকেট তুলে নেন তিনি। দুর্দান্ত এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেলেও সতীর্থদের ব্যর্থতা ও ক্যাচ মিসের মহড়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

আরো..