https://www.a1news24.com
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০

‘ওই ধরনের সিনেমা করার চেয়ে অবসর নেওয়াই শ্রেয়’—তাপসীর মন্তব্য ঘিরে আলোচনা

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়াশ ও কিয়ারা আদভানির আলোচিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন বলে মনে করছে নেটদুনিয়া। যদিও তাপসী কোনো সিনেমা বা অভিনেতার নাম উল্লেখ করেননি, তার মন্তব্যকে ‘টক্সিক’ সিনেমার সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই।

এক আলাপচারিতায় তাপসী বলেন, এক দশক আগে তার ক্যারিয়ার শুরু হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। কারণ তখন মূলধারার হিন্দি সিনেমায় বৈচিত্র্য ছিল এবং সব সিনেমা একই ধরনের ছিল না।

তাপসী বলেন, আমি যদি এমন সময়ে ক্যারিয়ার শুরু করতাম, যখন শুধু এ ধরনের সিনেমাই তৈরি হতো, তাহলে আমার মতো একজন অভিনেত্রীর হয়তো কোনো ক্যারিয়ারই থাকত না।

‘গান্ধারি’ অভিনেত্রী জানান, গত কয়েক মাসে মুক্তি পাওয়া কিছু সিনেমা দেখার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তার এ নিয়ে কথাও হয়েছে। বর্তমান সময়ে তৈরি হওয়া এ ধরনের সিনেমায় অভিনয় করতে চান না বলেও স্পষ্ট করেন তিনি। তাপসী বলেন, আমি ভাবছিলাম, এবার কি আমার অবসর নেওয়ার সময় হয়েছে?

তবে এ ধরনের সিনেমার দর্শক রয়েছে—এটি তিনি বোঝেন বলেও জানান। কিন্তু দর্শক আছে বলেই যে তিনি নিজে সেসব সিনেমায় অভিনয় করতে চাইবেন, এমনটা নয়।তিনি বলেন, আমি আমার কাজকে ভালোবাসি। কিন্তু এতটা অন্ধভাবে নয় যে, শুধু কাজ করছি বলে এ ধরনের সিনেমায় অভিনয় করব। আমি আমার কাজকে অন্ধভাবে ভালোবাসি না।

নিজের সিনেমার তালিকা বা ফিল্মোগ্রাফি নিয়েও সচেতন তাপসী। সময়ের পরিবর্তনের পরও যেন নিজের কাজ নিয়ে গর্ব করতে পারেন, এমন সিনেমা করতে চান তিনি।তাপসী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন অভিনেতার একটি ফিল্মোগ্রাফি থাকে। সময় বদলাবে, কিন্তু ফিল্মোগ্রাফি বদলাবে না।

তিনি আরও বলেন, আজ থেকে ১০ বছর পর হয়তো সিনেমার ধরন বদলে যাবে। কিন্তু আমার ফিল্মোগ্রাফি থেকে যাবে। তাই বহু বছর পর নিজের কাজের দিকে ফিরে তাকিয়ে যেন নিজের সিদ্ধান্ত নিয়ে বিব্রত হতে না হয়, সেটাই আমি চাই।

তাপসীর মন্তব্যে নেটদুনিয়ায় আলোচনা

তাপসীর সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই দাবি করেন, তাপসী পরোক্ষভাবে কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমাকে কটাক্ষ করেছেন।

একজন মন্তব্য করেন, তাপসী তার ক্যারিয়ারের শুরুতেই এসব ধরনের সিনেমা করেছেন। তাই এখন তার দেওয়ার মতো আর কিছু নেই। এখন কান্নাকাটি বন্ধ করুন। কিয়ারার সামনে দারুণ ক্যারিয়ার রয়েছে।

আরেকজন লিখেছেন, কিয়ারা অন্তত সিনেমায় অভিনয় করেছেন। আপনার তো ‘হাসিন দিলরুবা’র মতো সিনেমা ছিল, যেখানে দেখানোর মতো যা ছিল, দেখিয়েছেন। অন্য একজন মন্তব্য করেন, তাহলে তাকে অবসর নিতে বলুন। আর যদি ফিরে এসে বলেন, তার জীবন, তার নিয়ম—তাহলে একই কথা অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

সূত্র: এনডিটিভি

আরো..