https://www.a1news24.com
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯

নবীগঞ্জে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট কর্তৃক শতবর্ষী চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ কর্তৃক এলাকার শতবর্ষী চিরকুমার মুকুন্দ চন্দ্র দাস প্রকাশ বটু দাসকে অবহেলিত গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘ জীবনের ত্যাগ, সামাজিক অবদান এবং নিষ্কলুষ জীবনযাপনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্প্রতু বৃহস্পতিবার (২০ আগষ্ট) নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আনুষ্ঠানিকভাবে মুকুন্দ চন্দ্র দাসের (বটু দাস; জন্ম ১৯১৭ খ্রি.) হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। এসময় সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সভাপতি সাগর দাশ জনি, সদস্য জয়ন্ত কুমার দাশ জয়, সনাতন-দীননাথ কিশোর সংসদের সহ-সভাপতি খোকন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎসহ মুকুন্দ চন্দ্র দাসের (বটু দাস) বড়ো ভাইয়ের স্ত্রী ও ভাতিজা ক্ষেত্রমোহন দাস উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদানকারী সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দরা জানান, শতবর্ষী মুকুন্দ চন্দ্র দাস আমাদের সমাজের এক জীবন্ত ইতিহাস। সারাজীবন অবিবাহিত (চিরকুমার) থেকে তিনি নিজেকে যেভাবে সমাজ ও মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত অনুকরণীয়। প্রচারবিমুখ এই গুণী মানুষকে সম্মানিত করতে পেরে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ নিজেরাও গর্বিত। এ ধরণের উদ্যোগ গ্রামীণ জনপদে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে।

সম্মাননা প্রাপ্তির পর আবেগঘন অনুভূতি প্রকাশ করে শতবর্ষী মুকুন্দ চন্দ্র দাস (বটু দাস) ট্রাস্টের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও আশীর্বাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ব্রিটিশ আমলের খ্যাতিমান ব্যক্তিত্ব ও পঞ্চায়েত প্রধান শ্রীমান সনাতন দাস এবং শ্রীমান দীননাথ দাসের স্মৃতি রক্ষার্থে গঠিত ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শিক্ষা, ক্রীড়া, মেধা অন্বেষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরো..