প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করেন। সমনে আসামিদের আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অন্য দুই আসামি হলেন একাত্তর টেলিভিশনের মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।
একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ মে তিনি একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে যোগ দেন। পরে কোনো ধরনের নোটিশ ছাড়াই ১২ মে তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়।
এরপর পাওনা টাকা পরিশোধের জন্য গত ১২ জুন আইনজীবীর মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান বাবুল আক্তার। তার মোট পাওনা ছিল ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকা। এর মধ্যে কর্তৃপক্ষ ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করলেও বাকি ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা পরিশোধ করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়, বাবুল আক্তার বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানান। তখন দ্রুত পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে টাকা দিতে টালবাহানা করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিকেলে পাওনা টাকা চাইতে বারিধারায় একাত্তর টেলিভিশনের কার্যালয়ে গেলে আসামিরা বাবুল আক্তারকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে আবার টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত চার আসামির বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।