রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও রাষ্ট্রপতির পদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।শুক্রবার (২৪ জুলাই) জারি করা দুটি প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বীয় পদ ত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।