কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে নবাগত হাজিদের সম্মানে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) উপজেলার বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠিানে পবিত্র হজের তাৎপর্য, হাজিদের মর্যাদা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত হাজিরা একসঙ্গে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্-নি’মাতা লাকা ওয়াল-মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সেই হাদিসের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে তিনি হাজিদের জন্য এবং হাজিদের দোয়াপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
হাজী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক আলহাজ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আলহাজ ডাঃ মোঃ আতিয়ার রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আলহাজ হাফেজ মাওলানা আহসানুল হাবীব, অবসরপ্রাপ্ত ডিপিইও আলহাজ নাজির আহমেদ, হজ ও ওমরাহ প্রশিক্ষক আলহাজ হাবিবুর রহমান, আলহাজ নাজির উদ্দিন, আলহাজ আব্দুল কাইয়ুম, আলহাজ আমজাদ হোসেন, আলহাজ আব্দুস সোবহান, আলহাজ মজিবর রহমান এবং হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হকসহ অন্যান্যরা।
সমাবেশ ও দোয়া মাহফিলে প্রায় দুই শতাধিক নতুন ও প্রবীণ হাজি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।