https://www.a1news24.com
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৬

বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলার খালিশপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাস কর্মকারের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে মেসের অন্য সদস্যরা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

সহপাঠীরা জানান, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করেন। উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। কক্ষটি দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ ছিল এবং সেখান মঙ্গলবার রাতে থেকে দুর্গন্ধ বের হতে থাকলে মেসের সদস্যরা পুলিশকে জানান। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো..