https://www.a1news24.com
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৯

বিতর্কে না জড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের, ফ্রান্স ও স্পেন লড়াই ঘিরে শান্তির আহ্বান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানোর একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে সেই বিতর্কে না জড়িয়ে ফুটবলকে ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

বাংলাদেশ সময় আজ (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে মারিয়ানো দাবি করেন, ফ্রান্সের বিশ্বকাপ দলে অধিকাংশ খেলোয়াড় অভিবাসী বা অভিবাসী পরিবারের সদস্য। এমনকি তিনি মন্তব্য করেন, ‘ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে কোনো ফরাসি খেলোয়াড় নেই।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল বিতর্কে না গিয়ে বলেন, ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে একত্রিত করা।

স্প্যানিশ এই উইঙ্গার বলেন, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলতে যাচ্ছি। ফুটবলের উদ্দেশ্যই হলো মানুষকে এক করা। স্পেন ও ফ্রান্স—দুটি দেশই বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির উদাহরণ। ফুটবলও একই বার্তা দেয়। অন্য কেউ কী বলেছেন, তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

সেমিফাইনাল নিয়ে ইয়ামালের প্রত্যাশাও বেশ উঁচু। তার মতে, দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে, আবার রক্ষণেও থাকবে সমান মনোযোগ। ফলে দর্শকরা একটি জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করবেন।

তিনি বলেন, ‘এটি এমন একটি ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছিল। দুই দলই আক্রমণ করবে, আবার নিজেদের রক্ষণও সামলাবে। তাই এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করলেও নিজের পারফরম্যান্স নিয়ে কোনো উদ্বেগ নেই ইয়ামালের। তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘প্রতিটি টুর্নামেন্টই আলাদা। এখন পর্যন্ত আমার একটি গোল হলেও আমি চিন্তিত নই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতছি। অতীতে এমন বিশ্বকাপও দেখেছি, যেখানে স্পেন আগেই বিদায় নিয়েছে। এবার তা হয়নি। আশা করি আমরা আরও এগিয়ে যাব এবং আমি আরও গোল করার সুযোগ পাব।’

আরো..