কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় বেশ কিছু দিন থেকে বাড়ছে চুরির আতঙ্ক। প্রশাসনের নাকের ডগায় উপজেলা মসজিদ থেকে চুরি যেন থামছেই না। উপজেলা পরিষদ জামে মসজিদের বারান্দা থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আঃ লতিফ খন্দকার উপজেলা মডেল মসজিদের খাদেম বিপ্লবের ব্যবহৃত একটি ভারতীয় বিএস ব্র্যান্ডের বাইসাইকেলটি শনিবার বিকালে কিছু সময়ের জন্য ব্যবহার করতে নিয়ে আসেন। পরে তিনি মসজিদের পাশে সাইকেলটি রেখে বাগান পরিচর্যার কাজ তদারকি করছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সাইকেলটি সেখানে নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, কাউনিয়া উপজেলায় সা¤প্রতিক সময়ে সাইকেল ও মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাদের দাবি, চুরি হওয়া যানবাহন উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় মসজিদে একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর কোন পদক্ষেপ নেই। প্রতি মাসে আইন শৃংখলা মিটিং হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় সিঁধেল ও সিচকে চোরের উপদ্রবও বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি প্রতিরোধে পুলিশের টহল জোরদার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।