https://www.a1news24.com
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২২

হজযাত্রীদের জন্য সুখবর, শুরু ২০২৭ সালের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি আরবের নতুন হজ রোডম্যাপ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে অংশগ্রহণে আগ্রহীরা ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করতে পারবেন। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর-এর মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।

রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর-এর মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের পবিত্র হজ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন না করলে পরবর্তী হজ কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। তাই আগ্রহী হজযাত্রীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আরো..