https://www.a1news24.com
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫

৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হয়।এ সময় কয়েকজন নেতাকর্মী উপস্থিত সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন। এতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের কিছু নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। হামলায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, হামলার সময় শিশিরের মুখে আঘাত লাগে এবং তার মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে কোনো সাংবাদিকের ওপর হামলা হয়েছে কি না, এ বিষয়ে আমি জানি না।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ধানমন্ডি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে-এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

আরো..