https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৬

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া এবং পরে চীনে যাবেন বর্তমান সরকারপ্রধান।

রোববার (২১ জুন) দুপুর পৌনে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানিয়েছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একেবারেই ছোট।’

রুমন আরও জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রী বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊধর্তন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন—পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ২৩ জন।

এর আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।তারেক রহমানের এই রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার সঙ্গে বন্ধ থাকা শ্রমবাজার চালুর ক্ষেত্রে এবং চীনের সঙ্গে রফতানিতে দেশের মানুষ আশার আলো দেখছে বলে জানান তিনি।

আরো..