টালিউডের জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী-প্রবাহ নন্দীর সংসার ভাঙ্গনের খবর সামনে উঠে আসে এ বছরের শুরুর দিকে। তবে গতকাল হঠাৎ করেই তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। যা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন এ গায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ জুন) দেবলীনা নন্দী লাইভে এসে শ্বশুরবাড়ি ও স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। সেই সময় লাইভে তার দুই আইনজীবীকেও উপস্থিত থাকতে দেখা যায়, যা বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
লাইভ চলাকালীন দেবলীনা অভিযোগ করেন, প্রবাহ নন্দীর আচরণ ও পারিবারিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। এমনকি তিনি মন্তব্য করেন, যিনি ব্যক্তিগত জীবন সামলাতে অক্ষম, তিনি কীভাবে পেশাগতভাবে বড় দায়িত্ব, যেমন একাধিক মানুষকে নিয়ে ফ্লাইট পরিচালনা করবেন—এ নিয়ে তার সন্দেহ রয়েছে।
লাইভে তিনি আরও দাবি করেন, তিনি প্রবাহ নন্দীর পাসপোর্ট বাতিল দেখতে চান।
এদিকে এই লাইভের পর থেকেই স্যোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
নেটিজেনদের একাংশ দেবলীনা ও তার পরিবারকে লক্ষ্য করে সমালোচনা ও কটাক্ষ করতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শুধু দেবলীনা নন, তার মাকেও উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে।
এই সমালোচনার জবাবে দেবলীনা তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্টভাবে ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার অনুরোধ জানান।
তিনি লেখেন, তিনি দীর্ঘদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এবং এখন যে তথ্য ও ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো বিভ্রান্তিকর ও মিথ্যা।
দেবলীনা আরও জানান, পুরো বিষয়টি এখন তার আইনজীবীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং তিনি নিজে এ বিষয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছেন না।
তার দাবি, অতীতে তিনি শুধুমাত্র বিশেষ মুহূর্ত বা পেশাগত প্রমোশনের জন্যই ফেসবুক ব্যবহার করেছেন।
তিনি আরও লেখেন, আদালতেই সব সত্য প্রমাণিত হবে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তাকে ও তার পরিবারকে যেন ব্যক্তিগতভাবে আক্রমণ না করা হয়। বিশেষ করে তার মাকে নিয়ে কটূক্তি করা হলে তিনি এবার শুধু ব্লক নয়, আইনি পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দেন।
শেষে তিনি জানান, পুরনো কিছু ভিডিও ধাপে ধাপে ফেসবুক থেকে সরিয়ে ফেলা হবে এবং সবাইকে এ বিষয়ে সংযত থাকার আহ্বান জানান।