https://www.a1news24.com
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদতবার্ষিকী

দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ শনিবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

জিয়াউর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধের বীর নায়ক। একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিতে হামলা চালায়। সে সময় পুরো জাতি ছিল দিশাহারা। ঠিক সেই সময় ২৬ মার্চ চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের নিয়ে তৎকালীন মেজর জিয়া পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ করেন। এরপর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ইথারে ভেসে আসা ওই ঘোষণায় দিশাহারা জাতি উজ্জীবিত হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করে।

১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ৭ নভেম্বর সিপাহী-জনতার মহান বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আট দিনের কর্মসূচি নিয়েছে। গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কার্যক্রম তুলে ধরেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আজ শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান রুহুল কবির রিজভী।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনসুর রহমান এবং মাতার নাম জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ২০ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমান একজন।

আরো..