বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ মে) সকাল ১১টায় আখালিয়াস্থ শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
জালালাবাদ থানার আহবায়ক অরবিন্দু দাস এর সভাপতিত্বে ও সদস্য সচিব স্বপন কুমার দাস এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও বৈষম্যেও অবসান ঘটেনি। সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে সনাতন ধর্মাবলম্বীসহ প্রতিটি সংখ্যালঘু নাগরিক স্বাধীনভাবে এবং পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারেন। এজন্য সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর আইন প্রনয়ন, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানো এবং আমাদের ৮ দফা দাবির বাস্তবায়ন জরুরী । তিনি আরো বলেন, পূজা উদযাপন পরিষদ কেবল উৎসবে পূজা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর পাশাপাশি সামাজিক ও মানবাধিকার সংগঠন হিসেবে সনাতন ধর্মাবলম্বী নাগরিকসহ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ও বৈষম্যমূলক পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ করে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। তাই প্রতিটি সনাতনীদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ছায়াতলে থেকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য সুব্রত দেব, মহানগর শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার দেব, যুগ্ম সম্পাদক মনোজ দত্ত মুন্না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানার সভাপতি সঞ্জয় পাল ও সাধারণ সম্পাদক অপরেশ দাস অপু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুধীর চন্দ্র দাস, নিমাই নম, নিখিল নম, দীপু কপালী, প্রণয় পাল, বিধান চন্দ, পিযুশ কান্তি তালুকদার, বিজয় চৌধুরী, অরবিন্দু গোস্বামী, নীবেন্দ্র দাস, মহিতোষ মজুমদার, জার্নেল চৌধুরী, পপি রানী দাস, পান্না লাল দে, সুবীর তালুকদার, অজিত দাস, যোগল কিশোর গোস্বামী প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে যোগল কিশোর গোস্বামী’কে সভাপতি ও স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি অরবিন্দু দাস, অপরেশ দাস অপু, প্রণয় পাল ও স্বপন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দেব, এবং সাংগঠনিক সম্পাদক নান্টু দেব। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।