আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃদিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, “শুধু সিভিল লাইনে পড়াশোনা করে লাভ নেই। আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি শিক্ষা থেকে গড়ে ওঠা দক্ষ জনশক্তি।”
তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্স, মানসম্মত প্রশিক্ষণ, বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয় নিয়ে পরিচালিত হবে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকায় দৈনিক মানববার্তা অফিসের দ্বিতীয় তলায় “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের উপদেষ্টা অধ্যাপক ফয়েজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল এবং পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক সাজ্জাদ হোসেন।