https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৩

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেছে আরও এক অজ্ঞাত পুরুষের রক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত ব্যুরো (পিবিআই)। সাম্প্রতিক ডিএনএ পরীক্ষায় তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায় আরও একজন অজ্ঞাত পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে সিআইডির পরীক্ষায় তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। নতুন পরীক্ষায় সেই তালিকায় আরও একজন পুরুষের রক্তের প্রোফাইল যুক্ত হয়েছে।

পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম জানিয়েছেন, পূর্বে পাওয়া তিনজনের তথ্যের পাশাপাশি এখন নতুন একজন অজ্ঞাত ব্যক্তির ডিএনএ প্রোফাইল শনাক্ত হওয়ায় তদন্ত আরও জটিল ও বিস্তৃত হয়েছে।

তিনি আরও বলেন, সন্দেহভাজনদের সঙ্গে ডিএনএ ম্যাচিংয়ের কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত আছে।

তদন্ত সূত্রে জানা যায়, ৬ এপ্রিল আদালতে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা পরীক্ষার আবেদন করা হয়। পরে আদালতের নির্দেশে হাফিজুর রহমানকে আটক করে তার ডিএনএ সংগ্রহ করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়।

সিআইডির ডিএনএ ল্যাবরেটরির প্রতিবেদন অনুযায়ী, মোট ২৪টি আলামত পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি আলামতে তিনজন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। নতুন শনাক্ত রক্তের নমুনা আগের কোনো প্রোফাইলের সঙ্গে মিলেনি।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, নতুন তথ্য যুক্ত হওয়ায় মামলার তদন্তে আরও অগ্রগতি হয়েছে এবং উচ্চপর্যায়ে বিষয়টি মনিটর করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের ভেতরে একটি জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরো..