রাজধানীতে ভারী বৃষ্টি হয়েছে। রোববার ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পরে নামে ভারী বর্ষণ।
সকাল পৌনে ৮টার দিকে রাজধানীতে টানা ভারী বৃষ্টির পরিমাণ ছিল ৩৩ মিলিমিটার। বৃষ্টির কারণে ঢাকায় বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে কর্মমুখী মানুষকে পড়তে হয় বিড়ম্বনায়।
আগামী কয়েকদিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, এমনই আভাস দিয়েছিল আবহওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এ ছাড়া অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
এ পরিস্থিতিতে সংস্থাটি বলছে, রোববার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভরি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস আরো বলছে, দেশের সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের এ প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।