অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে-মো. সারোয়ার আলম
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। যথাযথ পরিচর্যা, সহানুভূতিশীল আচরণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের একটি সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে এনে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।
বুধবার (১৩ মে) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মো. সারোয়ার আলম আরও বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি ও শিশুরা অনেকক্ষেত্রেই বিশেষ প্রতিভার অধিকারী ও অসাধারণ সম্ভাবনাময় হয়ে থাকেন। তাদের প্রতিভা, সৃজনশীলতা ও সক্ষমতা বিকশিত করার জন্য প্রয়োজন সঠিক সহায়তা, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং সম্মানজনক পরিবেশ। তিনি অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জেলা পুলিশ সুপার কার্যালয় সিলেটের অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেটের সভাপতি আতাউর রহমান খান সামছু, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন সিলেটের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান রনি, রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের শিক্ষক শাহনাজ আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. রফিকুল হক। সভার শুরতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমাজসেবা অফিসার মো. খলিলুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিববন্ধী বিষয়ক বিশেষ কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। এছাড়া অনুষ্ঠানে সুধীজন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা সংস্থাসমূহের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী। অনুষ্ঠানে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে সকাল সকাল ১০টায় ডিসি অফিসের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির পওে জেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আর্ট প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এছাড়া দুপুর সাড়ে ১২টায় প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।