প্রকল্প ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয় নিশ্চিত করতে সরকারকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রকল্পের ব্যয় যৌক্তিকভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় খাতে সীমিতভাবে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই স্পষ্ট—প্রকল্প ব্যয়ে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে হবে এবং প্রতিটি খাতের ব্যয়ের যৌক্তিকতা ভালোভাবে যাচাই করতে হবে।
এদিন একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে পাস হয়েছে এবং কয়েকটি বিষয়ে সংশোধনীর নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।