https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৫

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।

তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করে।

আজ বুধবার (১৫ এপ্রিল) ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অব ২০২৬’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রভৃতি প্রভাবশালী নেতাদের পাশেই রয়েছে তারেক রহমানের নাম।

তারেক রহমান সম্পর্কে টাইম-এর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেও তাকালে দেখা যায়, তারেক রহমান লন্ডনের দক্ষিণ-পশ্চিমের শান্ত এলাকায় নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন নির্ভারভাবে।

কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ৫৭ বছর বয়সি এই রাজনীতিককে বিরোধী আন্দোলনের নেতা থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত করে—যে অবস্থান তিনি ১৭ বছর পর দেশে ফিরে ফেব্রুয়ারিতে বিশাল নির্বাচনী জয়ের মাধ্যমে বাস্তবে রূপ দেন।

এই বিজয়ের মাধ্যমে তারেক রহমান তার মা খালেদা জিয়ার পথ অনুসরণ করেন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হয়।

জানুয়ারিতে টাইম-কে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান তখনও শোকাহত ছিলেন। তবে তিনি জানান, এই শোককে তিনি দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে লাগাতে চান এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার সচল করতে চান।

আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব এবং আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির মতো সমস্যায় জর্জরিত—যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

২০০০-এর দশকের দুর্নীতির অভিযোগ (যদিও পরে আদালতে খারিজ হয়েছে) তার জন্য স্বাভাবিক ‘হানিমুন পিরিয়ড’কে সংক্ষিপ্ত করতে পারে। তবে দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকার পর তিনি আর সময় নষ্ট করতে চান না। তারেক রহমান বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পেতে পারে।’

আরো..