কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা-পিরোজপুরের কাউখালীর আশোয়া গ্রামে বাড়ির পাশের গাবখান নদীতে গোসল করতে গিয়ে জোয়ারে নিখোঁজের ৬ ঘণ্টা পর হাফেজ মো. আশরাফুল আলম (১৭) নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবরি ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দলের সদস্যরা।
সোমবার (২৩ মার্চ ) বিকেল সাড়ে ৫ টার দিকে ওই এলাকার গাবখান নদী থেকে হাফেজ আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।নিহত আশরাফুল আলম পিরোজপুরের কাউখালী উপজেলার আশোয়া আমরাজুড়ি গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাফেজ মো: আশরাফুল আলম ও তার সাথে বাড়ির কয়েকজন সদস্য তাদের বাড়ির সামনে ঘাটে গাবখান নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে জোয়ারের স্রোতে তলিয়ে যায়। পরে তার সঙ্গী শিশুরা তাদের বাড়িতে গিয়ে আশরাফুলের নিখোঁজের খবর দিলে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তাকে স্থানীয় ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাকে পাওয়া যায় না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান,খবর পেয়ে আমারা দুপুরে ঘটনাস্থলে যাই, এবং ববিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভোলা জেলায় অবস্থান করায় বিকেলে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি স্থানীয় ডুবুরি দলও শিশুটির লাশ উদ্ধারের জন্য অভিযান চালায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ মাদসার ছাত্র হাফেজ আশরাফুল আলম এর লাশ উদ্ধার হয়।