https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৯

চুক্তির দ্বারপ্রান্তে তেহরান-ওয়াশিংটন,পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুত করবে না ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবং পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থায় এক বিশাল ‘ব্রেকথ্রু’ বা বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। ওমানের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাঈদী জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় ইরান একটি অভূতপূর্ব বিষয়ে সম্মত হয়েছে—তারা ভবিষ্যতে কখনোই আর সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি এখন আমাদের হাতের নাগালে। যদি আমরা কূটনীতিকে প্রয়োজনীয় সুযোগ ও সময় দিই, তবে আগামী কয়েক মাসের মধ্যেই সব সমস্যার একটি আমূল এবং ব্যাপক সমাধান সম্ভব।’ তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনার সবচেয়ে বড় অর্জন হলো ইরানের এই প্রতিশ্রুতি যে, তারা বোমা তৈরির জন্য প্রয়োজনীয় পারমাণবিক উপাদান কখনোই মজুত রাখবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত না থাকলে কার্যত কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে জল্পনা বেড়েছে। ট্রাম্প একদিকে সামরিক শক্তি ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দিলেও অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। তবে জেনেভার আলোচনার ফলাফল নিয়ে তিনি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেননি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) যেভাবে আলোচনা করছে তাতে আমরা পুরোপুরি খুশি নই। তবে ইরান যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারে, তবে সেটাই হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ। আমি ব্যক্তিগতভাবে সামরিক শক্তি প্রয়োগ করতে চাই না, তবে কখনো কখনো পরিস্থিতির কারণে তা করতে হয়।’

সমঝোতার এই ধারা বজায় রাখতে আগামী সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় দুই দেশের প্রতিনিধিরা আবারও পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ভিয়েনাতেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বশান্তির জন্য এক নতুন যুগের সূচনা করবে। সারা বিশ্বের নজর এখন সোমবারের সেই টেবিলের দিকে।

আরো..