https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৬

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সালেহ আহমদ (স’লিপক): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে র‍্যালী, বইপাঠ, আলোচনা সভা, পাঠপ্রতিক্রিয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী পাঠকদের সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ সম্মুখ থেকে ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে বর্ণঢ্য র‍্যালী বের হয়ে মেইন রোড মোড় নিয়ে গ্রন্থাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা পূর্বে বিভিন্ন লেখকের লেখা গ্রন্থ থেকে পাঠককরা পাঠ করেন।

গ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবনের সঞ্চালনায় সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তাহার গ্রামের ১১জন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মুক্তাহার গ্রামের দুই ভাষা সৈনিক বাণীকান্ত দাশ ও প্রিয়তোষ দাশ এর স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং করগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজকর্মী নারায়ণ দাশ। অন্যান্যদের মাঝে পাঠাগারের সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সৃষ্টি রাণী দাশ, মেঘলা দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, রকি দাশ, গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রন্থাগার হলো একটি জাতির আলোকবর্তিকা। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং অপসংস্কৃতি রোধে বই পড়ার কোনো বিকল্প নেই। এবারের প্রতিপাদ্য ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ অত্যন্ত সময়োপযোগী। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং গ্রন্থাগারের বিচিত্র জ্ঞানের ভাণ্ডারই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। সুস্থ চিন্তার বিকাশ ও মানবিক সমাজ গঠনে গ্রন্থাগারই আমাদের সবচেয়ে বড় ভরসাস্থল। বক্তাগণ তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্মার্টফোনের স্ক্রিন ছেড়ে বইয়ের পাতায় ফিরে আসুন।

সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা স্মারক প্রদান করেন। এবছর পাঠপ্রতিক্রিয়ায়- সজীব দাশ, জয় দাশ, সৃষ্টি রাণী দাশ, তীর্থ দাশ, সুষ্মিতা দাশ মেঘনা, রকি দাশ এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রিয়া রাণী দাশ, রাজশ্রী দাশ, অর্পিতা দাশ প্রমি, পূজা দাশ, অনুপমা দাশ এবং পল্লবী দাশ মৌমিকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

আরো..