https://www.a1news24.com
,

লিজকৃত ঘের দখলের চেষ্টা, থানায় অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের বাসিন্দা জিয়া নিকারী (৪৮) তার লিজকৃত ঘেরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানাধীন বয়ারসিং মৌজায় অবস্থিত জিয়া নিকারীর লিজকৃত ঘেরের জমি নিয়ে প্রতিবেশী মোঃ ছামাদ নিকারী, মোহাম্মাদ নিকারী, রফিকুল নিকারী, ছওকাত নিকারী, আবু সাঈদ নিকারী ও সুবিধ নিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেননি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি বেলা আনুমানিক ১১টার দিকে জিয়া নিকারী তার ঘেরে গিয়ে দেখতে পান অভিযুক্তরা সেখানে একটি বসতঘর নির্মাণ করছে। এ সময় তিনি কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মারধরের চেষ্টা করে এবং ঘের ছেড়ে দিতে চাপ দেয়। পাশাপাশি ভবিষ্যতে জমি সংক্রান্ত কোনো কথা বললে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী জিয়া নিকারী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ডুমুরিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো..