বিনোদন প্রতিবেদক: আবারও কি দেখা যাবে শাকিব খান ও চঞ্চল চৌধুরী ম্যাজিক। দেশের জনপ্রিয় এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন ‘তুফান’ সিনেমায়। শাকিব নায়ক আর চঞ্চল ছিলেন খল চরিত্রে। দুজনই অভিনয় দিয়ে বাজিমাত করেছেন সেই ছবিতে। সেটি বক্স অফিসেও ম্যাজিক দেখিয়েছে। আবারও এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্ত-অনুরাগীরা।
জানা গেছে, চলতি বছর ‘তুফান ২’ সিনেমার শুটিং শুরু হবে। আগামী বছরে সিনেমাটি দর্শক সিনেমা হলে দেখতে পারে। সিক্যুয়েলটি নির্মিত হবে প্রথম পর্বটির চেয়েও বেশি বাজেট ও চমক নিয়ে। পরিচালনায় থাকছেন রায়হান রাফীই। এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের হিউজ একটা অডিয়েন্স আছে। আমাদের কাজেরও কিছু দর্শক আছে। সেটা তুলনামূলকভাবে হয়তো কম-বেশি যা-ই হোক না কেন। আমার চিন্তা ছিল, আমরা একসঙ্গে কাজ করলে সব ধরনের দর্শক পাব। সিঙ্গেল স্ক্রিনে হলভর্তি দর্শক হবে। সিনেপ্লেক্সেও পাব।’
তিনি জানান, শাকিব খানের সঙ্গে কাজ করাটা উপভোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, ‘শাকিব খান আমাকে ব্রাদার বলে ডাকেন, আমিও ব্রাদার বলে ডাকি। কোথাও কোনো অনুষ্ঠানে দেখা হলেই শাকিব খান বলেন, ‘ব্রাদার কী খবর? কেমন আছেন? আমিও তাই বলি। একটা সুন্দর সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে।’
এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা, অর্ক দাসসহ অনেকে।
অন্যদিকে এ বছর অন্তত তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খানের। এর মধ্যে বড় আয়োজনে শুটিং শেষ হয়েছে ‘সোলজার’-এর। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটি ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা হয়ে ওঠেনি। ইতোমধ্যে বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। ‘সোলজার’-এ শাকিব খানের নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এ সিনেমায় সরকারি এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শাকিব। কাজ চলছে আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স’ সিনেমার প্রি-প্রোডাকশনের। এ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দ্রুতই এর শুটিং শুরু হবে। অন্যদিকে চলতি বছরের ঈদুল আজহায় নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে শাকিবের।