https://www.a1news24.com
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩

রাজধানীতে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের পশ্চিম চৌধুরী পাড়ায় একটি ভাড়া বাসা থেকে সোনিয়া নামের ১৭ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক দীন বন্ধু রায় জানান, সোনিয়া হাতিরঝিল থানাধীন পশ্চিম চৌধুরী পাড়ায় এ এস এম ইকবাল হোসেনের দ্বিতীয় তলার ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে সবার অগোচরে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সোনিয়া। পরে গৃহকর্তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ট্রিপল নাইন নাইন নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ রবিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক দীন বন্ধু রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত অভিমানে সোনিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের তথ্য অনুযায়ী, মৃত সোনিয়া ভোলারচর ফ্যাশন চর মাইনকা বেপারি বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুলাল বেপারীর মেয়ে। বর্তমানে তিনি পশ্চিম চৌধুরী পাড়া এলাকার বাসা নম্বর ৪৮ এ এ এস এম ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন।

আরো..