https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩

২০২৫ সালে বলিউডকে নাড়িয়ে দেয়া ৫টি বড় বিতর্ক

অনলাইন ডেস্ক: একদিকে বক্স অফিসে রেকর্ড গড়া সাফল্য, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা আর নতুন গল্পের জয়যাত্রা অন্যদিকে বিতর্ক, সংঘাত ও সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া। রুপালি পর্দার বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলোও এ বছর সমানভাবে আলোচনায় থেকেছে। কখনো তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কখনো কাজের সময়সীমা নিয়ে মতবিরোধ, আবার কখনো সংস্কৃতি ও বিশ্বাসকে ঘিরে উত্তপ্ত বিতর্কে মুখর হয়েছে বলিউড। বছরের শেষে দাঁড়িয়ে ফিরে দেখা যাক ২০২৫ সালে বলিউডকে নাড়িয়ে দেয়া ৫টি বড় বিতর্ক।

ছুরিকাঘাতে আহত সাইফ আলী খান
২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের বাসভবনে এক অনুপ্রবেশকারীর হামলায় গুরুতর আহত হন সাইফ আলী খান। ঘাড় ও মেরুদণ্ডের কাছে আঘাত পান অভিনেতা। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এই ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয়। প্রশ্ন উঠেছিল ভারতে তারকাদের নিরাপত্তা নিয়েও। তবে দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরায় সাইফের মানসিক দৃঢ়তা প্রশংসা কুড়ায়।

দীপিকা পাডুকোন ৮ ঘণ্টা কাজের বিতর্ক
২০২৬ সালের বহুল প্রতীক্ষিত ছবি স্পিরিট থেকে হঠাৎই সরে দাঁড়ান দীপিকা পাডুকোন। অভিযোগ ওঠে, নির্দিষ্ট ৮ ঘণ্টা কাজের দাবি এবং কিছু শর্ত নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি করে। এই ঘটনা ঘিরে শুরু হয় ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে তীব্র আলোচনা। ইন্ডাস্ট্রির বহু তারকা এ নিয়ে প্রকাশ্যে মত দেন।

হেরা ফেরি থ্রি থেকে প্যারেশ রাওয়ালের প্রস্থান
অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও প্যারেশ রাওয়ালের পুনর্মিলন নিয়ে দর্শকদের উত্তেজনার মাঝেই আসে ধাক্কা। হঠাৎ করেই হেরা ফেরি থ্রি ছাড়েন প্যারেশ। এতে প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি ও আইনি জটিলতা তৈরি হয়। প্রকাশ্য বাকবিতণ্ডা বড় শিরোনাম হয়। যদিও পরে প্যারেশ রাওয়াল ছবিতে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

দিলজিৎ-হানিয়া আমির বিতর্ক
‘সরদার জি ৩’ সিনেমা নিয়ে ভারতজুড়ে কম বিতর্ক হয়নি। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এই সিনেমায় দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করেছিলেন। আর পাকিস্তানি অভিনেত্রীকে সিনেমায় নেয়ার বিষয়টি ভারতীয়রা ভালোভাবে নেয়নি। এমনকি ‘সরদার জি ৩’ সিনেমাও ভারতে মুক্তি দেয়া হয়নি। দিলজিৎ দোসাঞ্জকে ভারতীয়রা নানাভাবে হেয় করেছিল পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজের কারণে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং দ্রুত রাজনৈতিক ও সংবেদনশীল বিতর্কে রূপ নেয়, যা দীর্ঘদিন আলোচনায় ছিল।

স্মৃতি মান্ধানা–পলাশ মুচ্ছালের বিয়ে ভাঙার গুঞ্জন
ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছালের বিয়ে হঠাৎ বাতিল হওয়ার খবরে নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। জানা যায়, স্মৃতির বাবার অসুস্থতাই এর প্রধান কারণ। যদিও সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়ায়, দু’জনেই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

২০২৫ সাল প্রমাণ করেছে বলিউড শুধু রুপালি পর্দার গল্পেই সীমাবদ্ধ নয়, এর বাইরের ঘটনাপ্রবাহও সমানভাবে মানুষের আবেগ, বিশ্বাস ও বিতর্ককে নাড়া দেয়। এমনকি বলিউডের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল ভারত-পাকিস্তানের সম্পর্ক। নতুন বছর কী বার্তা নিয়ে আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরো..