https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০১

ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় লেবার পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সমন্বয়কারী ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে হত্যার জঘন্য চেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান (শুক্রবার)এক বিবৃতিতে বলেন-তফসিল ঘোষণার প্রথম দিনই একটি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে প্রকাশ্য দিবালোকে গুলি করা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ওপর ভয়াবহ কালো ছায়া ফেলেছে। এটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অশনি সংকেত। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের প্রথম দিনেই এমন সন্ত্রাসী হামলা প্রমাণ করে, দেশে নির্বাচনী পরিবেশ নেই এবং ফ্যাসিস্ট শক্তির ভয়ংকর তৎপরতা আরও বেড়েছে।

তিনি বলেন, ওসমান হাদীর মতো একজন স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যার চেষ্টা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; এটি ভোটাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ওপর বর্বর হামলা। জনগণের ভোটের মাঠ দখলে রাখতে সরকারপৃষ্ঠপোষক অস্ত্রধারীরা এখন প্রকাশ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। এটি একটি সাজানো নির্বাচন বাস্তবায়নের অশুভ প্রচেষ্টারই অংশ।

ডাঃ ইরান আরও বলেন, নির্বাচন কমিশন যদি এই ঘটনার সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা না নেয়, হামলাকারীদের গ্রেফতার না করে নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়- তাহলে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনও আরেকটি জালিয়াতির নির্বাচনে পরিণত হবে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, বিচার ও ওসমান হাদীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান আহত প্রার্থী ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবার, সহকর্মী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই হামলা শুধু ওসমান হাদীর বিরুদ্ধে নয়; এটি গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

বাংলাদেশ লেবার পার্টি সন্ত্রাস, রাষ্ট্রীয় জুলুম ও নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে রাস্তায়-রাজনীতিতে আরও কঠোর ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

আরো..