টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে অটোরিক্সা গ্যারেজসহ ১৫টি অটো পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পাশের সাউন্ড বক্সের দোকান, মুদি দোকান, ঢালাইয়ের মিক্সার মেশিন এবং চা দোকানের মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে বিএনপি নেতা আবুল মুনসুর মন্ডলের মালিকানাধীন গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চা দোকানদার মোজাম্মেল হোসেন বলেন, রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে গেছে। সুরুজ মিয়ার প্রায় চার লাখ টাকার ঢালাইয়ের মিক্সার মেশিন পুড়ে ছাই হয়ে যায়।
মাইক এবং সাউন্ড বক্সের দোকান মালিক লোকমান হোসেন বলেন, ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে। আগুনের লেলিহান তীব্রতা বেড়ে যাওয়ায় কাছে যাওয়া যায়নি। অগ্নিকান্ডে দাকোনের মূল্যবান সাউন্ড বক্স এবং মাইকসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অটোরিক্সা মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, সুলতান উদ্দিন, আব্দুস সামাদ, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হিমেল, মোহাম্মদ মনসুর আলীসহ অন্যরা বলেন, তারা বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে লোন নিয়ে এবং সুদে টাকা নিয়ে অটোরিক্সা কিনেছেন। অনেক মালিক এখনো তাদের কিস্তির টাকা এবং সুদের টাকা পরিশোধ করতে পারেননি। ক্ষতিগ্রস্থ গ্যারেজ মালিক, দোকান মালিক এবং অটোরিক্সা মালিকেরা দাবি করেন অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ২০ টি অটোরিক্সা, সাউন্ড বক্স, মাইক, মুদি দোকানের সকল মালামাল এবং চা দোকান পুড়ে যায়।
গ্যারেজ মালিক আবুল মুনসুর মন্ডল জানান, ভোর সাড়ে ৪টার দিকে গ্যারেজের পাশের চা দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুন পাশের সাউন্ড বক্সের দোকান, মুদি এবং অটো গ্যারেজে ছড়িয়ে পড়ে। এসময় গ্যারেজে চার্জ দিয়ে রাখা ১৫টি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে যায়।