সাফি পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত লাগোয়া বাংলাদেশের ভুট্টা ক্ষেতের পাতা ছেঁড়ার সময় এক বাংলাদেশী যুবককে ভারতীয়রা ধরে নিয়ে গিয়ে বিএসএফকে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আটককৃত যুবকের নাম আজিনুর রহমান (২৪)। তিনি বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাটারী গ্রামের নুর হোসেনের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাউরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আশাদুল হক । শুক্রবার ১৮ এপ্রিল দুপুর ২টার দিকে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাটারী গ্রামের মেইন পিলার ৮০১ এর সাব পিলার ১০-১১ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, আজিনুর তাঁর মাসহ উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাটারী গ্রামের সীমান্ত লাগোয়া বাংলাদেশের ভুট্টা ক্ষেতের পাতা ছিঁড়তে যায়। পাতা ছেঁড়ার এক পর্যায়ে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ভারতীয় বিএসএফকে দেয়। বিএসএফ আজিনুরকে আটক করে ভারতের অভ্যান্তরে নিয়ে যায়। পরে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম ভারতীয় মেখলিগঞ্জের বি আরকা বাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে আজিনুরকে ফেরত আনার বিষয়ে পতাকা বৈঠকের আহবান করেন।
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, আজিনুরকে ফেরত আনার বিষয়ে ভারতীয় মেখলিগঞ্জের বি আরকা বাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।