টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে পাওয়া তথ্য মতে ক্লাস থ্রী পর্যন্ত বইগুলো ৮৫ ভাগের উপরে মাঠে চলে গেছে। আমরা যেখানে পিছিয়েছিলাম সেখানে ফোর এবং ফাইভ ক্লাসের ৮৪ ভাগই চলে গেছে। রবিবার (১৬ ফেব্রæয়ারি) পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুয়ায়ী আমাদের কাছে এ তথ্য রয়েছে। আমি আশা করি ফেব্রæয়ারির মধ্যে প্রতিটা বাচ্চা’ই প্রাইমারির বই পাবে।
সোমবার (১৭ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১ টায় পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
বর্তমান সময়ে অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে কিন্ডার গার্টেনের দিকে বেশি ঝুঁকছে উপস্থিত সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু আমাদের দেশের লোকজন তার বাচ্চাদের কোথায় লেখাপড়া করাবে সেটা তার ব্যাপার। কেউ যদি মনে করে তার বাচ্চাকে কিন্ডারগার্টেনে পড়াবে সেটা তার ব্যাপার। আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারি শিক্ষার মান যেন বাড়ে, আমরা সেটা চেষ্টা করি এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুলগুলো ভালো চলে সেখানের লোকজন তাদের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলেই ভর্তি করানোর চেষ্টা করে। আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো ভালো চলে তারা যেন আমাদের জাতীয় যে কারিকুলাম রয়েছে, প্রাইমারি বাচ্চাদেরকে পড়ানোর জন্য সেগুলো যেন তারা ফলো করে। কারণ, আমরা তাদেরকে প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দিই, তারা যেন ফলো করে। আমাদের শিশুরাই তো শিখবে। সরকারি স্কুলগুলোতে দেখাশোনার দায়িত্ব যেমন আমাদের, ঠিক তেমনিভাবে বেসরকারি স্কুলগুলোও দেখাশুনার দায়িত্ব আমাদের।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. আব্দুল হাকিমের সভাপতিত্বে রিডিং কনফারেন্সে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।