ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নেওয়ার আগেই তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এই লড়াইয়ে সফল হতে তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন।
শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আবদুস সালাম জানান, ইতোমধ্যে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে নিবিড় জরিপ চালানো হয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই মাস আগেই ডেঙ্গুর আগাম প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করেছিলেন এবং সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। সেই অনুযায়ী সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
বক্তব্যে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় রাত সাতটা-আটটার পর ঢাকা শহরে বের হলে কোথাও কোনো আবর্জনা দেখা যায় না। কিন্তু পরদিন সকাল ১০টায় বের হলেই আবার রাস্তাঘাট আবর্জনায় ভরে ওঠে। এই ময়লাগুলো মানুষই ফেলছে।
নাগরিকরা যদি ২৪ ঘণ্টাই রাস্তায় ময়লা ফেলতে থাকেন, তবে সিটি করপোরেশনের পক্ষে তা সার্বক্ষণিক পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই শহর পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে সাধারণ মানুষকে আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।