দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ৭৯৮ শিশুর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৭০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭২৮ শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২।
এদিকে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ সময়ের মধ্যে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।