হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাফর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও স্হানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান|
বক্তারা আরো বলেন, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের উপর হামলা করে। এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া, হেলাল ও এক পথচারী সহ ৬ জন আহত হন। এদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরো বলেন সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে। এদিকে হামলার প্রতিবাদে সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন|