https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২

হাতিয়ায় নির্বাচনী আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সহকারী নৌ-প্রধান

মো. ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত নৌবাহিনীর অস্হায়ী ক্যাম্প পরিদর্শন করেন এবং মাঠে নৌ-কন্টিনজেন্ট ও কোস্ট গার্ড সদস্যদের সমাবেশে- জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নৌবাহিনী ও কোস্ট গার্ডদের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এই বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সহকারী নৌ-প্রধান।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, এএসপি হাতিয়া সার্কেল নুরুল আনোয়ার, হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আওয়ামী সরকার পতন পরবর্তী অন্তরর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দ্বীপ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

আরো..